ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ উত্তর হাওড়ার দীর্ঘ প্রতীক্ষিত বেনারস রোড রেল ওভার ব্রিজ প্রকল্পের কাজে অবশেষে গতি আসতে চলেছে। আজ, রবিবার থেকেই সালকিয়া এবং লিলুয়ার বামুনগাছিকে সংযোগকারী এই ঐতিহাসিক বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
রেল ও জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এই ট্র্যাফিক নিয়ন্ত্রণের ফলেই দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে। ব্রিটিশ আমলে নির্মিত এই বেনারস ব্রিজটি উত্তর হাওড়ার অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। কিন্তু সংস্কারের অভাবে সেতুটির অবস্থা অত্যন্ত জীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়েছিল। নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও, অ্যাপ্রোচ রোড নির্মাণ নিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণের জটিলতায় কাজটি আটকে ছিল।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসন, রেল এবং ট্র্যাফিক বিভাগের মধ্যে একাধিক বৈঠকের পর ধাপে ধাপে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পদক্ষেপ হিসেবে আজ থেকে ভারী ও মাঝারি গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হলো। তবে টোটো, রিকশা, মোটরবাইক এবং অন্যান্য হালকা যান চলাচল চালু রাখা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী প্রায় দু’মাস ধরে অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ চলবে। সব কিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই নতুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় আসার পরই এই ধরনের আটকে থাকা প্রকল্পগুলি দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন, কারণ নতুন সেতু চালু হলে যাতায়াতের সময় কমবে এবং উত্তর হাওড়ার যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।








