হাওড়ায় ভুয়ো নথি সহ বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার, অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

হাওড়ার জগাছায় ভুয়ো নথি সহ গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি। অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের কড়া পদক্ষেপের আবহে এই ঘটনা। তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার।

Share:

ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬:  হাওড়ার জগাছা থানা এলাকা থেকে ভুয়ো নথি সহ এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। রমজান গাজি ও আরিফা বেগম নামে ওই দুই বাংলাদেশি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে উনসানি এলাকার মাঝেরপাড়ায় বসবাস করছিলেন। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৭ বছরের মধ্যে। অভিযোগ, তাঁরা ভুয়ো কাগজপত্র তৈরি করে ভারতে প্রবেশ করেছিলেন এবং অবৈধভাবে বসবাস করছিলেন। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বলে জানা গিয়েছে।

রাজ্যে অনুপ্রবেশ একটি বড় সমস্যা, যা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। বাংলায় সরকারে আসার পরেই অনুপ্রবেশ রুখতে এবং সীমান্ত সুরক্ষা নিশ্ছিদ্র করতে সব রকম পদক্ষেপ করছে শুভেন্দু অধিকারীর সরকার। এই আবহে হাওড়া থেকে এই দুই বাংলাদেশি গ্রেপ্তারের খবর সামনে এল। রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’— এই ‘থ্রি ডি’ অ্যাকশনের মাধ্যমে অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

ভারত সরকারের আইন মেনে এই হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আগে রাখা হবে। এই কড়া পদক্ষেপের মধ্যেই হাওড়ায় এই গ্রেপ্তারির ঘটনা ঘটল। ধৃতদের রবিবার হাওড়া জেলা আদালতে তোলা হবে।