হাওড়ায় বাইক চোর চক্রের বড়সড় পর্দাফাঁস, উদ্ধার ১৩টি বাইক; গ্রেফতার ২

হাওড়ায় বাইক চোর চক্রের পর্দাফাঁস, ১৩টি চুরি যাওয়া বাইক উদ্ধার ও ২ জন গ্রেফতার। হাওড়া সিটি পুলিশের বড়সড় সাফল্য।

Share:

ব্যুরো নিউজ, ১০ অক্টোবর ২০২৬: হাওড়া সিটি পুলিশের বড়সড় সাফল্য। একটি সংঘবদ্ধ বাইক চোর চক্রের পর্দাফাঁস করে ১৩টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার হাওড়া সিটি পুলিশের ডিসিপি (ডিডি) রাহুল মিশ্র, আইপিএস তাঁর অফিস চেম্বারে এক সাংবাদিক বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য জানান। পুলিশ সূত্রে খবর, গত কয়েক মাস ধরে হাওড়া কমিশনারেট এলাকায় বাইক চুরির ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছিল। দু’সপ্তাহ আগে ডোমজুড় থানায় একটি বাইক চুরির অভিযোগ দায়ের হওয়ার পর ডিডি টিম দ্রুত তদন্ত শুরু করে।

অত্যাধুনিক প্রযুক্তি এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিবিড় তদন্তের পর পুলিশ এসকে মসিবুল ওরফে মেনু (কুলগাছিয়া) এবং মনিরুল হোসেন মোল্লা (উলুবেড়িয়া) নামে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই চক্রের একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তাদের দেখানো জায়গা অনুযায়ী, পুলিশ এখন পর্যন্ত ১৩টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে। গতকাল রাতে হাওড়া গ্রামীণের শ্যামপুর থানা এলাকায় মনিরুলের গ্যারেজ থেকে এই বাইকগুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত এসকে মসিবুলের বিরুদ্ধে আগেও বাইক চুরির একাধিক মামলা রয়েছে এবং তার অপরাধের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও গভীর তদন্ত চালাচ্ছে পুলিশ। এই সাফল্য হাওড়ার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে এবং পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে।