মাথা মুড়িয়ে অন্তর্বাস পরিয়ে রাজপথে ঘোরানো হল হাওড়ার কুখ্যাত ডন আকাশকে, পুলিশের ‘দাবাং’ রূপে স্তম্ভিত রাজ্য

হাওড়ার কুখ্যাত ডন আকাশ সিংকে মাথা মুড়িয়ে, অন্তর্বাস পরিয়ে রাজপথে ঘোরানো হল। পুলিশের এই পদক্ষেপ দুষ্কৃতীদের প্রতি কড়া বার্তা দিল। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে মাথা মুড়িয়ে, স্যান্ডো গেঞ্জি ও অন্তর্বাস পরিয়ে প্রকাশ্য রাজপথে ঘোরানোর ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য। রবিবার সকালে উত্তর হাওড়ার ভরা বাজারে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান সাধারণ মানুষ। একসময় যার নামে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত, সেই ‘ডন’ আকাশকে এমন অবস্থায় দেখে অনেকেই উল্লাস প্রকাশ করেন। পুলিশের এই পদক্ষেপকে হাওড়া সিটি পুলিশের ‘দাবাং’ রূপ হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।

পুলিশ সূত্রে খবর, ২০২১ সাল ও তার পরে আকাশের বিরুদ্ধে যে সব জায়গায় হামলার অভিযোগ উঠেছিল, এ দিন সেখানে তাঁকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। তবে শুধু পুনর্নির্মাণই নয়, পুলিশের মূল উদ্দেশ্য ছিল জেলার সমস্ত দুষ্কৃতীদের কাছে একটি কড়া বার্তা পৌঁছে দেওয়া। আকাশ সিংয়ের বিরুদ্ধে ২০টিরও বেশি বোমাবাজি ও একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি, ২০২১ সালে খোদ পুলিশের উপরে গুলি চালানোর অভিযোগও তার বিরুদ্ধে। দীর্ঘদিন অধরা থাকার পর চলতি মাসের শুরুতে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই সমাজবিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

তিনি স্পষ্ট জানিয়েছিলেন, পুলিশের উপর কোনও হামলা বরদাস্ত করা হবে না। গত ১৮ মে পার্ক সার্কাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পর উত্তর হাওড়ার এই দৃশ্য রাজ্যবাসীর কাছে পুলিশের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করে তুলল।