হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ করাল ক্ষুব্ধ জনতা, ভাইরাল ভিডিও

হাওড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দাসকে ‘ডিম স্নান’ করাল ক্ষুব্ধ জনতা। দুর্নীতির অভিযোগে ভাইরাল ভিডিওতে প্রকাশ্যে জনরোষ। বিস্তারিত পড়ুন।

Share:

ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ ফের প্রকাশ্যে এল তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ। এবার হাওড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বোরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসকে ‘ডিম স্নান’ করাল উত্তেজিত জনতা। শনিবার রাতে কাসুন্দিয়া রোডে এই ঘটনা ঘটে। বিশ্বনাথ দাস যখন সেখানে দাঁড়িয়েছিলেন, তখন আচমকাই কিছু উত্তেজিত যুবক এসে তাঁকে ডিম ছুঁড়তে শুরু করে। এই আকস্মিক হামলায় হতভম্ব হয়ে পড়েন ওই তৃণমূল নেতা। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ক্ষুব্ধ যুবকরা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ছেন। তাঁদের অভিযোগ, একসময় এই বিশ্বনাথ দাস প্রোমোটারদের সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দাদের জেলে ভরে দেওয়ার ভয় দেখাতেন। এমনকি, জোর করে এক ব্যক্তির ৫০ বছরের পুরোনো চালের দোকান বেআইনিভাবে দখল করে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এলাকার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এদিন ডিম হামলার মাধ্যমে প্রকাশ পেল।

এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। ‘ডিম থেরাপি’ নামে পরিচিত এই ধরনের ঘটনা বঙ্গে ক্রমশ বাড়ছে, যা শাসকদলের নেতাদের বিরুদ্ধে জনরোষের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বিশ্বনাথ দাসের বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির একাধিক অভিযোগ ছিল। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।