ব্যুরো নিউজ, ২৬ জুন ২০২৬ : প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সময়সূচি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সূত্রে খবর, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। দুর্গাপুজোর এক মাস আগেই পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি শেষ করে পরীক্ষা দিতে পারবেন।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশিরভাগ বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টার হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হবে। ভিজুয়াল আর্টস, মিউজিক এবং অন্যান্য ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে এক ঘণ্টার, সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত। সংসদের নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণরূপে এমসিকিউ (MCQ) নির্ভর হবে। প্রথম দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পাঞ্জাবি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শেষ দিন ৭ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ফল প্রকাশ হয়েছিল গত ১৪ মে। সেই পরীক্ষায় মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। অংশ নেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন এবং উত্তীর্ণ হয়েছিলেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। পাসের হার ছিল ৯১.২৩ শতাংশ।






