ফের সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি পিছল, তিন মাস পর নতুন দিন ধার্য

আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের তিন মাস পিছিয়ে গেল। আগামী ১৮ আগস্ট নতুন দিন ধার্য করা হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ সুপ্রিম কোর্টে  ফের ধাক্কা খেল আইপ্যাক  সংক্রান্ত মামলা। মঙ্গলবার, অর্থাৎ ২২ মে, এই হাই প্রোফাইল মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা তিন মাস পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং ভিপিনচন্দ্র আঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। শুনানির সময় ইডি আদালতে একটি মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। তবে বিচারপতিরা সেই রিপোর্ট খতিয়ে দেখার পর মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ভার্চুয়ালি যোগ দেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র আইনজীবীর ভার্চুয়াল উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভার্চুয়ালি এবং সশরীরে আইনজীবীর মধ্যে পার্থক্য রয়েছে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশিকার কথা উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সল্টলেকের আইপ্যাকের এক আধিকারিকের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হয়ে ইডি অফিসারদের কাজে বাধা দেন এবং কিছু নথি কেড়ে নেন বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই ইডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল।