ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: বসিরহাট মহকুমার ইছামতী নদী থেকে অবাধে বালি তোলার অভিযোগ ঘিরে ফের সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, নৌকা বোঝাই করে নদী থেকে বালি তুলে তা বিভিন্ন ভাটায় ও অন্যত্র পাচার করা হচ্ছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাট ইটিন্ডা শ্মশানঘাট সংলগ্ন ইছামতী নদী থেকে নিয়মিত এই অবৈধ বালি উত্তোলন চলছে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। স্থানীয়দের দাবি, অতীতেও বালি ও মাটি তোলা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল।
সরকার পরিবর্তনের পর প্রশাসনের তরফে নজরদারি ও অভিযান চালানোর উদ্যোগ দেখা গেলেও, ইছামতী নদীর বুক থেকে বালি তোলার অভিযোগ সম্পূর্ণ বন্ধ হয়নি। মুখ্যমন্ত্রী যেখানে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা বলছেন, সেখানে নদীর প্রাকৃতিক সম্পদ এভাবে লুট হওয়ার অভিযোগ প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলছে। কীভাবে দিনের পর দিন নদী থেকে বালি তুলে নৌকা বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবৈধ বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের এবং এর নেপথ্যে থাকা মদতদাতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইছামতী নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বেআইনি বালি উত্তোলন বন্ধে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে সকলে। ইতিমধ্যে হাসনাবাদ থানার পুলিশ বিগত কয়েক দিনে বালি বোঝাই ট্রাক ও দুইজনকে গ্রেফতার করেছে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলোক নন্দা ভাওয়াল জানিয়েছেন, এই অভিযান ভবিষ্যতেও চলবে।








