ব্যুরো নিউজ, ৩ নভেম্বর ২০২৬: কালীপুজো ও দীপাবলির আগে অবৈধ বাজি পাচার রুখতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। এবার থেকে সবুজ বাজির মোড়কে বিক্রি হওয়া নকল বাজি ধরতে কাজে লাগানো হবে কিউআর কোড। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের পক্ষ থেকে একটি বিশেষ কিউআর কোড তৈরি করা হয়েছে। এই কোড স্ক্যান করলেই ১৭০০টি বৈধ সবুজ বাজির নাম স্ক্রিনে ভেসে উঠবে। ফলে ক্রেতারা সহজেই আসল ও নকল বাজির মধ্যে পার্থক্য বুঝতে পারবেন।
পুলিশের আশা, এই কিউআর কোড নকল সবুজ শব্দবাজি শনাক্ত করতে বিশেষভাবে সাহায্য করবে। শুধু তাই নয়, শহরের প্রতিটি বাজি বাজারে এই কিউআর কোড লাগানো থাকবে। ফলে ক্রেতারা বাজি কেনার সময় নিজেরাই নিশ্চিত হতে পারবেন যে তারা বৈধ বাজি কিনছেন। অবৈধ বাজি বিক্রি বন্ধ করতে শহরের সীমান্তবর্তী এলাকাগুলিতেও দিনরাত নাকা তল্লাশি ও নজরদারি চালাচ্ছে পুলিশ। বাজি বাজার ছাড়া অন্য কোথাও বাজি বিক্রি নিষিদ্ধ। তাই কালীপুজোর সময় হঠাৎ গজিয়ে ওঠা বাজি দোকানগুলির উপরও কড়া নজর রাখছে পুলিশ।
পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করতে প্রায় ৯০ হাজার পোস্টার ও লিফলেটও প্রকাশ করেছে লালবাজার। এই প্রচারপত্রে সবুজ শব্দবাজি ও সবুজ আলোর বাজি ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়েছে। বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় তৈরি এই রঙিন পোস্টারগুলি শহরের দশটি ডিভিশনেই পাঠানো হচ্ছে।








