অর্থের বিনিময়ে দুই বাংলাদেশিকে পাচার, সেনা জওয়ান গ্রেফতার বসিরহাটে

বসিরহাটের স্বরূপনগরে মানব পাচারের অভিযোগে সেনা জওয়ান গৌতম অধিকারী গ্রেফতার। অর্থের বিনিময়ে দুই বাংলাদেশিকে ভারতে পাচারের চেষ্টা।

Share:

ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: বসিরহাটের স্বরূপনগরে মানব পাচারের অভিযোগে এক সেনা জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জওয়ানের নাম গৌতম অধিকারী। অভিযোগ, অর্থের বিনিময়ে তিনি দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত এলাকায়।

সূত্র মারফত জানা গেছে, সম্প্রতি দোহারকান্দা সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিক জয় বারুই এবং বৈশাখী বারুইকে ভারতে পাচার করা হচ্ছিল। সেই সময় ১৪৩ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা বিথারী বর্ডার আউটপোস্ট (বিওপি)-এর কাছে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে ওই দুই বাংলাদেশি জানায়, তাদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে এবং গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ান তাদের ভারতে পাচার করছিল। এরপর বিএসএফ জওয়ানরা গৌতম অধিকারীকেও আটক করে।

ধৃত সেনা জওয়ান গৌতম অধিকারীকে পরে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। আদালত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। জানা গেছে, ধৃত জওয়ান বর্তমানে যোধপুরে কর্মরত এবং তার বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। এই ঘটনায় সীমান্ত সুরক্ষায় নিযুক্ত একজন সেনা জওয়ানের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।