ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আগাম জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১০২ নম্বর ধারায় বউবাজার থানায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলায় তাঁর স্ত্রী মধুছন্দার নামও জড়িয়েছে।
অভিযোগ উঠেছে যে, দুর্গাপুজোকে ঘিরে একটি প্রিভিউ শো এবং প্রিভিলেজড পুজো এন্ট্রি টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে বেআইনিভাবে ইউনেস্কোর নাম ব্যবহার করা হয়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়, কারণ মনে করা হয়েছিল যে এই উদ্যোগের সঙ্গে সরাসরি ইউনেস্কোর অনুমোদন বা অংশীদারিত্ব রয়েছে। কিন্তু ইউনেস্কোর তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, তারা এমন কোনও বাণিজ্যিক চুক্তি বা অংশীদারিত্বে সম্মতি দেয়নি।
অভিযোগকারীদের তরফে ইউনেস্কোর প্রাপ্ত ইমেল এবং সংশ্লিষ্ট আইনি নথিপত্রও অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে, যা এই দাবির সত্যতা প্রমাণ করে। এই কর্মসূচির এমনভাবে প্রচার করা হয়েছিল যাতে মনে হয় এর সঙ্গে সরাসরি ইউনেস্কোর অনুমোদন রয়েছে। আন্তর্জাতিক পর্যটনের নামে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি বাণিজ্যিক মডেল তৈরি করে কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী শুক্রবার এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং আগামী ১৭ জুন এর শুনানি হতে পারে। হাইকোর্টে এই মামলার ভবিষ্যৎ কী হয়, এখন সেটাই দেখার। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।








