মামলার চাপে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, হাইকোর্টে বিশেষ সুরক্ষার আবেদন

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান একের পর এক মামলায় চাপে পড়ে হাইকোর্টে বিশেষ সুরক্ষার আবেদন জানালেন। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তাঁর।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ ফলতার রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে ঘনিষ্ঠ নেতার গ্রেফতারি, অন্যদিকে পুরনো খুনের মামলায় নাম জড়ানোয় বেকায়দায় পড়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই পরিস্থিতিতে নিজের বিরুদ্ধে হওয়া একাধিক মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে দাবি করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ জাহাঙ্গিরের। বিরোধীদের চাপের মুখে প্রশাসন ইচ্ছাকৃতভাবে একের পর এক মামলা দায়ের করছে বলেও তিনি দাবি করেছেন।

সম্ভাব্য গ্রেফতারি বা পুলিশি পদক্ষেপের আশঙ্কায় আদালতের সুরক্ষা চেয়ে আবেদন জানিয়েছেন ফলতার এই তৃণমূল নেতা। সোমবার আইনজীবী কিশোর দত্ত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি উত্থাপন করেন। দ্রুত শুনানির আবেদন জানানো হলে আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে। আদালত সূত্রে খবর, আজই মামলার জরুরি শুনানি হতে পারে। প্রসঙ্গত, জাহাঙ্গির খানের ঘনিষ্ঠ নেতা সাইদুল খানের গ্রেফতারির পর ফলতার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এছাড়াও প্রায় এক দশক পুরনো একটি হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে জাহাঙ্গির খান-সহ মোট ৯ জনের নাম উল্লেখ করে এফআইআর দায়ের হওয়ায় বিতর্ক বেড়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গির খান।