ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চরম গাফিলতির অভিযোগ উঠল। দুই রোগীর রক্ত অদল-বদল হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক AB পজিটিভ রোগীকে দেওয়া হয়েছে A পজিটিভ রক্ত, আর এক A পজিটিভ রোগীকে দেওয়া হয়েছে AB পজিটিভ রক্ত। এই মারাত্মক ভুলের জেরে দুই রোগীই অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গিয়েছে, রানিনগর মোড়ের বাসিন্দা ৬০ বছর বয়সী বুনিল রায় (A+ রক্ত গ্রুপ) রক্তাল্পতায় ভুগছিলেন। তাঁকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম ইউনিট রক্ত ঠিকঠাক চললেও, দ্বিতীয় ইউনিট চলার সময় তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়। পরিবারের সদস্যরা ব্লাডের প্যাকেট দেখে চমকে ওঠেন, কারণ সেখানে লেখা ছিল AB পজিটিভ। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের বিষয়টি জানানো হয়।
একইভাবে কচুয়া বোয়ালমারী গ্রামের ৬১ বছর বয়সী বীরেন্দ্র নাথ শর্মা (AB+ রক্ত গ্রুপ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁকেও রক্ত দেওয়া শুরু হলে কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরিবারের সদস্যরাও দেখেন যে তাঁকে A পজিটিভ রক্ত দেওয়া হচ্ছে। এই ঘটনার পর দুই রোগীর পরিবারই লিখিত অভিযোগ দায়ের করেছে। বীরেন্দ্র শর্মাকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
এই গুরুতর অভিযোগ সামনে আসতেই জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী ক্ষোভ প্রকাশ করেছেন। টিভি৯ বাংলাকে তিনি ফোনে জানিয়েছেন, এই বিষয়ে উপযুক্ত তদন্ত হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।









