রাজ্যজুড়ে শুরু ‘জনকল্যাণ শিবির’, ৫৪টি প্রকল্পের সুবিধা পেতে কোথায় ও কীভাবে আবেদন করবেন?

রাজ্যজুড়ে শুরু 'জনকল্যাণ শিবির'! ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোথায় ও কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ সোমবার, ১৫ জুন ২০২৬, থেকে রাজ্যজুড়ে মহাসমারোহে শুরু হয়ে গেল ‘জনকল্যাণ শিবির’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের এক সভামঞ্চ থেকে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। ১৫ জুন থেকে আগামী ১৭ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে মোট ১১০০টি জায়গায় এই শিবিরগুলি চলবে। সমাজের সব স্তরের মানুষ এই শিবিরগুলি থেকে রাজ্য ও কেন্দ্রের মোট ৫৪টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ও আবেদনের সুযোগ পাবেন।

এই শিবিরগুলিতে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিএম কিসান সম্মান নিধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আধার এনরোলমেন্ট, সিএএ আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম সূর্যঘর যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন করা যাবে। সাধারণ মানুষকে তাদের প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স সহ জেলা ও ব্লক স্তরের নির্ধারিত সরকারি কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত সরকারের সমালোচনা করে স্বচ্ছতার আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন যে প্রয়োজনে প্রশাসনিক প্রতিনিধিরা জনসাধারণের বাড়িতে যাবেন। তিনি আরও বলেন, উপভোক্তাদের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরি হবে এবং কেউ প্রতারিত হবেন না। সকাল থেকেই শিবিরগুলির বাইরে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়ছে, যা এই কর্মসূচির প্রতি তাদের আগ্রহের প্রমাণ।