নিউজ ব্যুরো, ২৬ জুন ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নারকীয় শিশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, খেলার সময় সামান্য ধাক্কা লাগার ‘শাস্তি’ হিসেবে এক পঞ্চম শ্রেণির ছাত্রকে নগ্ন করে উলটো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। শুধু মারধরই নয়, এই অত্যাচারের ভিডিও রেকর্ডও করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ১১ বছরের ওই ছাত্র এলাকার অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত তপন হালদার। খেলার লাঠিতে কোনওভাবে তার ধাক্কা লাগে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। অভিযোগ, তপন শিশুটির চুলের মুঠি ধরে টেনে বেশ কিছু দূর নিয়ে যায় এবং প্রকাশ্যেই তাকে কান ধরে উঠ-বস করায়। কিন্তু তাতেও শান্তি পায়নি অভিযুক্ত।
শিশুর পরিবারের অভিযোগ, এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পায়ে দড়ি বেঁধে উলটো করে ঝুলিয়ে প্যান্ট খুলে বেধড়ক মারধর করা হয়। শুধু তপন নয়, সেই সময়ে ঘটনাস্থলে তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিল। তারাই মোবাইলে অত্যাচারের ভিডিও রেকর্ড করে। বিষয়টি কাউকে জানালে ফল ভালো হবে না বলেও খুদেকে হুমকি দেওয়া হয়। শিশুর পরিবার বিষয়টি জানতে পেরেই জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত তপন হালদার গ্রেপ্তার হয়নি বলেই খবর। অত্যাচারিত শিশুটি এখনও অসুস্থ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







