তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার, ১২ বছর ধরে বাড়ি দখলের অভিযোগ ঘিরে উত্তাল সল্টলেক

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ১২ বছর ধরে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার। সল্টলেকে ফ্ল্যাটের মালকিনের বিক্ষোভের পর পুলিশ তাঁকে আটক করে।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ  দীর্ঘ ১২ বছর ধরে ফ্ল্যাট দখলের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার সল্টলেকের রাস্তায় ফ্ল্যাটের মালকিন আরতি রায়চৌধুরী তাঁকে দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করে। অভিযোগকারী আরতি রায়চৌধুরীকেও প্রয়োজনীয় বয়ান রেকর্ডের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ২০১২ সালে জয়প্রকাশ মজুমদার সল্টলেকের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, যার চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত। অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ফ্ল্যাট খালি করেননি এবং নতুন করে চুক্তিও নবীকরণ করেননি। ফ্ল্যাটের মালকিন বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি বাড়ি ছাড়তে রাজি হননি। উল্টে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করা হত এবং ভাড়া চাইতে গেলে হুমকির মুখে পড়তে হত বলে অভিযোগ। বুধবার সকালে ফ্ল্যাটে তালা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এই সময় স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হয়ে জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভকারীরা তাঁর গাড়ির চাবি কেড়ে নেন এবং ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনার কয়েকদিন আগে ফ্ল্যাটের মূল মালিকের স্ত্রীর সঙ্গে জয়প্রকাশ মজুমদারের স্ত্রীর বচসা এবং মারধরের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এই গ্রেফতারি। কোন ধারায় মামলা রুজু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।