ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান রীতা গায়েন। শনিবার সন্ধ্যায় নিউটাউন থানার পুলিশ তাঁকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রীতা গায়েনের বিরুদ্ধে তোলাবাজির নানা অভিযোগ আসছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে পুলিশ শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূলের একাধিক নেতা ও কাউন্সিলর পুলিশের জালে জড়িয়েছেন। তাঁদের অনেকের বিরুদ্ধেই তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন জ্যাংড়া হাতিয়াড়ার পঞ্চায়েত প্রধান রীতা গায়েন। এর কয়েক ঘণ্টা আগেই শনিবার কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করা হয়েছিল। তিনি পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান পদেও রয়েছেন। বেহালা এলাকার এই প্রভাবশালী তৃণমূল নেতাকে তাঁর নিজের এলাকা থেকেই ঠাকুরপুকুর থানার পুলিশ গ্রেফতার করে। ব্যবসায়ীদের থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
এছাড়াও, সম্প্রতি বিধাননগর পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া ওরফে রাখাল এবং দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর টিঙ্কু বর্মাও তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার হয়েছেন। একের পর এক জনপ্রতিনিধির গ্রেফতারি শাসকদলের অস্বস্তি আরও বাড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তদন্ত জারি রয়েছে।








