ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ সরকারি ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে অবশেষে আটক হলেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। সোমবার মধ্যরাতে এক নাটকীয় পরিস্থিতিতে তাঁকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। এর আগে এই ঘটনার সূত্রপাত হয়েছিল তৃণমূলের কালনা দু’নম্বর ব্লক সভাপতি প্রণব রায়ের গ্রেফতারির পর। প্রণবের দলীয় কার্যালয় থেকে সরকারি ত্রিপল, ট্রাইসাইকেল ও ক্র্যাচ-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল।
সেই সূত্র ধরেই দেবপ্রসাদের নাম উঠে আসে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের বাড়িতে তল্লাশি চালাতে গেলে প্রথমে তাঁকে পাওয়া যায়নি। দরজা বন্ধ থাকায় সারারাত বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশকে। এই সময় স্থানীয় বাসিন্দারা বাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মধ্যরাতেই পালানোর চেষ্টা করেন দেবপ্রসাদ। তখনই তাঁকে পাকড়াও করে পুলিশ। বর্তমানে তাঁকে জেরা করা হচ্ছে এবং মনে করা হচ্ছে তাঁর কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।
তদন্ত সূত্রে জানা গেছে, একসময় টিভি মেকানিক দেবপ্রসাদ তৃণমূল ক্ষমতায় আসার পর রাতারাতি বিধায়ক হয়ে যান এবং বিপুল সম্পত্তির মালিক হন। তাঁর বাড়িতে দামি আসবাবপত্র এবং গোপন আন্ডারগ্রাউন্ড কুঠুরিও পাওয়া গেছে। এর আগেও পূর্ব বর্ধমানেরই পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কেও ত্রাণ সামগ্রী ‘চুরি’র অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।








