কল্যাণীতে দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভারের কাজ শুরু, যানজট থেকে মুক্তি পাবে নদীয়াবাসী

কল্যাণীর ৪২ নম্বর রেলগেটে দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভার তৈরির জন্য জমি মাপার কাজ শুরু করল রেল। যানজট থেকে মুক্তি পাবে শহরবাসী। AIIMS, মেডিকেল কলেজগামী যাত্রীরা উপকৃত হবেন।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ নদীয়ার কল্যাণী শহরের যানজট নিরসনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ৪২ নম্বর রেলগেটের উপর দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইওভার তৈরির কাজ অবশেষে শুরু হয়েছে। গত বুধবার (১০ জুন) ভারতীয় রেলের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য জমি মাপার কাজ শুরু হয়। এর ফলে কল্যাণী ও সংলগ্ন এলাকার লক্ষ লক্ষ মানুষ যানজটের সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। কল্যাণীর ৪২ নম্বর রেলগেট অত্যন্ত ব্যস্ত একটি পথ। এর একদিকে রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) এবং অন্যদিকে কল্যাণী মেডিকেল কলেজ, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সহ একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।

ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, রোগী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা এখানে একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। রেলের জমি মাপার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস, রেলের আধিকারিকবৃন্দ, রাজ্য সরকারের প্রতিনিধি এবং কল্যাণী পুরসভার কর্মকর্তারা। বিধায়ক অনুপম বিশ্বাস জানান, ফ্লাইওভারের জমি নিয়ে কোনো জটিলতা নেই এবং দ্রুত এর নির্মাণ কাজ শুরু হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ফ্লাইওভার কল্যাণী ব্লকের সগুনা পঞ্চায়েতের জয়দেববাট থেকে শুরু হয়ে ৪২ নম্বর রেলগেট এবং এ-ব্লক বাজারের সংলগ্ন রেলগেট পার করে কল্যাণী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শিক্ষায়তন স্কুলের সামনের রাস্তায় শেষ হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কল্যাণীর পরিবহন ব্যবস্থায় নতুন গতি আসবে এবং যানজটমুক্ত হবে শহর।