ব্যুরো নিউজ,২৬ জুলাই ২০২৬: কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের এই দিনে ভারতীয় সেনা পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন বিজয়’ সফল করে দেশের পাহাড়ি পোস্টগুলি পুনরুদ্ধার করেছিল। এই যুদ্ধের ২৭ বছর পরেও সেই ভয়াবহ দিনগুলির স্মৃতি আজও টাটকা হাওড়ার জগৎবল্লভপুরের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী অরুণকুমার মল্লিকের মনে।
অরুণ মল্লিক প্রায় ২০ বছর ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। কার্গিল যুদ্ধের সময় তিনি দ্রাসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁর কথায়, এক রাতে তাঁবুর ভিতরে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় হঠাৎই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। তাঁবু থেকে মাত্র ১৫-২০ গজ দূরে এসে পড়েছিল বোমা। ধুলো, ধোঁয়া আর বিকট শব্দে আতঙ্কিত হলেও, কর্তব্য থেকে সরে আসার উপায় ছিল না। তিনি জানান, দ্রাসের হাড়কাঁপানো ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং শত্রুপক্ষের অতর্কিত হামলার আশঙ্কা ছিল নিত্যসঙ্গী।
পাকিস্তানের ‘ধোকাবাজি’র কথাও উল্লেখ করেন তিনি, যারা শীতকালে খালি থাকা পোস্টগুলি দখল করে নিয়েছিল। অরুণ মল্লিকের কাজ ছিল মিডিয়াম মেশিন গান (MMG) ব্যবহার করে পাহাড়ের উপর লড়াইরত পদাতিক বাহিনীকে গোলাবর্ষণের মাধ্যমে সহায়তা করা। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি শত্রুর হামলার ভয়ও ছিল প্রবল। তবে দেশের জন্য কর্তব্য পালনের লক্ষ্যই ছিল প্রধান। অরুণ মল্লিক বর্তমান ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ১৯৯৯ সালের পরিস্থিতির তুলনা করে বলেন, অস্ত্রশস্ত্র, সুযোগ-সুবিধা এবং জওয়ানদের ভাতা-সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। ২৭ বছর পেরিয়ে গেলেও কার্গিলের সেই দিনগুলি আজও তাঁর স্মৃতিতে জীবন্ত।








