কাটোয়ায় পেট্রল পাম্পে ভেজাল তেল, গ্রাহকদের তীব্র বিক্ষোভ

কাটোয়ার একটি পেট্রল পাম্পে তেলের বদলে জল মেশানো পেট্রল দেওয়ার অভিযোগে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বাইক বিকল হওয়ায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Share:

ব্যুরো নিউজ, ২৯ মে ২০২৬ঃ কাটোয়া শহরের বর্ধমান রোডের একটি পেট্রল পাম্পে তেলের বদলে জল মেশানো পেট্রল দেওয়ার অভিযোগে বুধবার রাতে তুমুল বিক্ষোভ দেখালেন ক্রেতারা। বহু গ্রাহকের বাইক ও স্কুটার বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে কাটোয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই এই সমস্যা শুরু হয়।

পেট্রল ভরে কিছুদূর যাওয়ার পরই গ্রাহকরা বুঝতে পারেন যে তাঁদের গাড়িতে জল মেশানো তেল দেওয়া হয়েছে। অনেকেই বাইক ঠেলতে ঠেলতে পাম্পে ফিরে এসে তেল ফেরত দেওয়ার দাবি জানান। কাটোয়ার বাসিন্দা মৃন্ময় চক্রবর্তী জানান, তিনি ৩০৪ টাকার পেট্রল ভরেছিলেন, কিন্তু কিছুদূর গিয়েই বাইক বন্ধ হয়ে যায়। অপর এক বাইকচালক গোপাল হালদারের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষ প্রথমে দুর্ব্যবহার করলেও পরে বহু গ্রাহক জড়ো হওয়ায় তাঁদের সুর নরম হয়।

তিনি আরও জানান, এর আগেও এই পাম্পে এমন ঘটনা ঘটেছে। পাম্প কর্তৃপক্ষের ম্যানেজার রাজু মুখোপাধ্যায় জানান, পেট্রলে ইথানলের ভাগ বেশি হয়ে যাওয়ায় এমনটা হতে পারে। তাঁরা সংস্থাকে বিষয়টি জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বাইক থেকে তেল বের করে নতুন তেল ভরে দিয়েছেন। তবে গ্রাহকদের দাবি, প্রশাসনের উচিত এই ঘটনার তদন্ত করে পাম্প মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ভেজাল তেল বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।