উত্তরপ্রদেশ থেকে আটক বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস: ‘বিজেপি নেতা’ বলে হুমকির অভিযোগ

বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস উত্তরপ্রদেশ থেকে আটক। ভোটে হারের পর 'বিজেপি নেতা' পরিচয়ে হুমকির অভিযোগ। ট্রানজিট রিমান্ডে বর্ধমানে আনা হচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে উত্তরপ্রদেশ থেকে আটক করল জেলা পুলিশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বর্ধমান দক্ষিণের এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে নিজেকে ‘বিজেপি নেতা’ পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় (আগেকার মোগলসরাই) স্টেশন থেকে একটি বিশেষ টিম তাঁকে আটক করেছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে বর্ধমানে নিয়ে আসা হচ্ছে এবং সোমবার বর্ধমান আদালতে পেশ করা হবে। এই আটকের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। এক সময় বর্ধমান দক্ষিণের দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন এলাকায় হুমকি, তোলাবাজি, রাজনৈতিক হিংসায় মদত দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ ছিল। তবে সেসময় অভিযোগ সত্ত্বেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল।

সম্প্রতি, বিধানসভা ভোটের ফল প্রকাশের পর দলের ভরাডুবির পরই তিনি রাতারাতি নিজের রাজনৈতিক রং বদলের চেষ্টা করেন। এলাকারই এক বাসিন্দার সঙ্গে তাঁর কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে শোনা গিয়েছিল, মন্দির সংস্কারের বকেয়া টাকা চাইতে গেলে তিনি পালটা হুমকি দিয়ে বলেন, “তৃণমূল হেরে যাওয়ার পর এসব নিয়ে বেশি হইচই করছিস! মনে রাখিস, আমিই এখন বিজেপি নেতা।” এই ভাইরাল অডিও ক্লিপের সূত্র ধরেই জেলা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে খোকন দাস উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরই জেলা পুলিশের একটি দল উত্তরপ্রদেশে গিয়ে তাঁকে ট্র্যাক করে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। এই আটকের ফলে বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই ঘটনা ভবিষ্যতে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।