বেআইনি বিল্ডিং প্ল্যান কেলেঙ্কারি: KMC OSD কালীচরণ ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে, অস্বস্তিতে পুরসভা

KMC OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় বিল্ডিং প্ল্যান কেলেঙ্কারিতে গ্রেফতার। ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে ফিরহাদ ঘনিষ্ঠ, পুরসভায় সিন্ডিকেট চালানোর অভিযোগ।

Share:

ব্যুরো নিউজ , ২৬ জুন ২০২৬ : তারাতলায় গুদাম ভেঙে পড়ার ঘটনার তদন্তে এবার বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। বেআইনি বিল্ডিং প্ল্যান পাসের অভিযোগে কলকাতা পুরসভার (KMC) ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁকে আগামী ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কালীচরণকে ঘিরে পুরসভার অন্দরে একটি সুসংগঠিত সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। লালবাজার সূত্রে খবর, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে নিয়মকানুনের তোয়াক্কা না করে বহু বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ তদন্তকারীদের দাবি, এই দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে পুরসভার আর কোন কোন রাঘববোয়াল জড়িত, তা জানতেই ওএসডি-কে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। তিনি বাইরে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, তারাতলার গুদাম বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। অতীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ‘কালী সিন্ডিকেট’ নিয়ে সরব হয়েছিলেন।

বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফাইল উঁচিয়ে দাবি করেছিলেন, “কলকাতা পুরসভায় কালী না-বললে কোনও প্ল্যান (পাশ) হয় না।” তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়। কালীচরণের গ্রেফতারি এবং এই ‘বিল্ডিং প্ল্যান’ কেলেঙ্কারির তত্ত্ব সামনে আসায় স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে পড়েছে পুর প্রশাসন। এখন ৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে কালীচরণ মুখ খুললে পুরসভার আর কার কার নাম সামনে আসে, সেটাই দেখার। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।