ব্যুরো নিউজ, ১৭ জুলাই ২০২৬ : অভিনেত্রী কোয়েল মল্লিকের বিজেপি যোগের জল্পনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাত ঘিরে এই জল্পনা আরও তীব্র হয়। যদিও এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, দলে ‘তৃণমূলিকরণ’ হবে না।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “শুনুন বিজেপিতে তৃণমূলিকরণ হবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট সংসদীয় দল আছে। তারা এই ব্যাপারটা ভালো বুঝবেন। তবে আমাদের কাছে কোয়েল-দোয়েল-পায়েল কেউ কোনও বিষয় নয়। বিষয়টা হল বিজেপি। বিষয়টা নরেন্দ্র মোদি।” তাঁর এই মন্তব্য কোয়েল মল্লিকের বিজেপি যোগের সম্ভাবনাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল থেকে একাধিক পরিচিত মুখ বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো নেতারা সম্প্রতি বিজেপিতে নাম লিখিয়েছেন। এই আবহে কোয়েল মল্লিকের সাংসদ পদ ত্যাগ এবং বিজেপি নেতার সঙ্গে সাক্ষাত রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শমীক ভট্টাচার্যের বক্তব্য থেকে স্পষ্ট যে, বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে কোয়েল মল্লিকের যোগদান নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে নারাজ, বরং দলের নীতি ও নরেন্দ্র মোদির ভাবমূর্তির উপর জোর দিচ্ছেন। জল্পনা অবশ্য থামছে না।








