ব্যুরো নিউজ, ২২ সেপ্টেম্বর ২০২৬: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে এক মর্মান্তিক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের। দেড়িয়াচক মক্তব প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের সময় এই ঘটনা ঘটে। মৃত ছাত্রের নাম মোশারফ আলী নায়েক, বয়স আনুমানিক ১০ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিফিনের বিরতিতে স্কুলের পাশের একটি ড্রেনে খেলতে গিয়ে মোশারফ একটি মাছ দেখতে পায়। মাছটি ধরতে গেলে সেখানে অবৈধভাবে পেতে রাখা একটি হুক লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টেনে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে।

গৌরভঞ্জ ও মনিন্দ্র ধাড়া নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা, যদিও ঘটনার পর থেকে তারা পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। উত্তেজিত গ্রামবাসীরা মৃত ছাত্রের দেহ আটকে রেখে বিক্ষোভ চালিয়ে যান। কোলাঘাট থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই বিদ্যুতের লাইন সেখানে পৌঁছল এবং কারা এর জন্য দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে বিদ্যালয় থেকে দুই শিক্ষককে আটক করে নিয়ে গেছে পুলিশ। এলাকায় এখনও উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।








