ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ তারাতলার ভয়াবহ গোডাউন বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আজ, সোমবার থেকে কলকাতা পুরসভা (KMC) এলাকার ১৬টি বরোতেই শুরু হচ্ছে বিশেষ অডিট। ৩১ জুলাই পর্যন্ত বড় বড় নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বহুতল অর্থাৎ G+5 বা তার বেশি উচ্চতার আবাসিক ভবন এবং সমস্ত বাণিজ্যিক ভবনের নির্মাণ পরিকাঠামো খতিয়ে দেখতেই এই বিশেষ অডিট কমিটির গঠন।
পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে, এই স্পেশাল অডিটের ক্ষেত্রে পাঁচটি মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এগুলি হল: জমির প্রকৃতি, ভবনের নকশা, ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান, নির্মাণ পদ্ধতির সুরক্ষা এবং নির্মাণকাজের সময়সীমা। সহজ কথায়, যে জমিতে বহুতলটি উঠছে, সেটি ভবনের ভার নিতে সক্ষম কি না এবং নিয়ম মেনে গুণগত মান বজায় রেখে কাজ হচ্ছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে কমিটি। এছাড়াও, এলাকায় কোনও বেআইনি নির্মাণ থাকলে, তাও চিহ্নিত করা হবে। অডিট চলাকালীন নির্মাণকাজ বন্ধ থাকায় শ্রমিকদের স্বার্থের কথাও ভাবা হয়েছে।
পুলিশ কমিশনার, শ্রম দফতরের সচিব এবং আবাসন শিল্পপতিদের সংগঠন ‘CREDAI’-এর বৈঠকে নির্মাণ শ্রমিকদের থাকা, খাওয়া এবং ন্যূনতম পারিশ্রমিকের বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, স্কুল, হাসপাতাল এবং G+5-এর কম উচ্চতার বৈধ আবাসিক ভবনের সম্প্রসারণ বা মেরামতির মতো জরুরি কাজগুলি অডিটের আওতার বাইরে থাকছে। এই কমিটির রিপোর্ট জমা পড়ার পরই স্থগিত থাকা প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পুর ও নগরোন্নয়ন দফতর।








