বিধায়কের উপস্থিতিতে বুলডোজ়ারে গুঁড়িয়ে দেওয়া হল কোন্নগরের অবৈধ টোল গেট

কোন্নগরে বিধায়কের উপস্থিতিতে বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একটি অবৈধ টোল গেট। রাজ্য সরকারের নির্দেশের পরেই এই অভিযান চালানো হয়।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ পশ্চিমবঙ্গের কোন্নগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একটি অবৈধ টোল গেট। রাজ্য সরকার সম্প্রতি সমস্ত অবৈধ টোল গেট বন্ধ করার নির্দেশ জারি করেছিল। সেই নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়।

জানা গিয়েছে, কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাসে এই টোল গেটটি অবস্থিত ছিল। পুরসভা অনুমোদিত একটি সংস্থা দীর্ঘ বছর ধরে এখান থেকে নিয়মিত টাকা তুলছিল বলে অভিযোগ। ২০০০ সালে রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আন্ডারপাসটি তৈরি হলেও, জায়গাটি জেলা পরিষদের অধীনে ছিল এবং দেখভালের জন্য পুরসভাকে দেওয়া হয়েছিল। ২০০৮ সাল থেকে একটি সংস্থাকে টোল আদায়ের বরাত দেয় পুরসভা। চার চাকার গাড়ি থেকে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত টোল আদায় করা হতো।

বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী অভিযোগ করেন, পুরসভা টোল আদায়ের অনুমতি সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে পারেনি। এরপর তিনি পুলিশকে টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন এবং পরে নিজেই বুলডোজ়ার নিয়ে এসে টোল অফিস ভেঙে দেন। বিধায়ক জানান, ২০০৮ সালে লিজ দেওয়া হলেও, তারপর থেকে অনুমোদনপত্র রিনিউ করা হয়নি। তিনি হুঁশিয়ারি দেন যে কোনও অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, জেলা পরিষদের কাছ থেকে তারা কোনও লিখিত নির্দেশ পাননি, তবে টোল আদায়ের একটি বড় অংশ পুরসভা পেত।