কৃষ্ণনগরের হস্টেলে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ বাবার

নদিয়ার কৃষ্ণনগরে একটি আবাসিক স্কুলের হস্টেলের শৌচালয় থেকে প্রথম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার। রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ বাবার, তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ৬ জুন ২০২৬ঃ নদিয়ার কৃষ্ণনগরে একটি আবাসিক স্কুলের হস্টেলের শৌচালয় থেকে প্রথম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার রুদ্ধদহ সোনাতলা পূর্ব পাড়ার বাসিন্দা, মাত্র সাত বছর বয়সী ওই খুদে পড়ুয়ার দেহ উদ্ধার করে পুলিশ। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই রহস্যজনক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীটি ওই আবাসিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পড়ুয়া ছিল। তার মা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় বাবা তার দেখাশোনা করতেন। শনিবার সকালে হস্টেলের ওয়ার্ডেন শৌচালয়ে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তবে মৃত পড়ুয়ার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে।

তিনি বলেন, “আমার মেয়ে হস্টেলে থাকত। আমাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলা হয়, কিন্তু কী হয়েছে তা জানানো হয়নি।” যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সম্ভব জৈন জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।