ব্যুরো নিউজ, ২৩ জুন ২০২৬ঃ নতুন রাজ্য সরকারের প্রথম বিধানসভা অধিবেশন ঘিরে মঙ্গলবার তুমুল হট্টগোল দেখা গেল। বাজেট পেশের পর আজ তা নিয়ে আলোচনার শুরুতেই শাসক ও বিরোধী শিবিরের বিধায়কদের মধ্যে বাকবিতণ্ডা চরমে ওঠে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর প্রথম বক্তৃতায় বাকিদের টেক্কা দিলেন। তিনি কেবল বিজেপি বিধায়কদের আক্রমণ করেননি, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও (Ritabrata Banerjee) নিশানা করেন।
কুণাল ঘোষ স্পিকার রথীন্দ্রনাথ বসুর উদ্দেশে বলেন, ‘‘আপনি একজন ধর্ষণে অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, এটা হয় নাকি?” স্পিকার তাঁকে থামাতে গেলে কুণাল রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন, ‘‘আপনি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না।” এই মন্তব্যের জেরে বিধানসভায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিজেপি বিধায়কদের উদ্দেশে কুণালের সরস মন্তব্য ছিল, ‘‘আমাকে ভয় পান বলে বলতে দিচ্ছেন না। ৫ বছর আমায় ভয় পেয়ে চলুন। গুরুত্ব দিয়ে চলুন।”
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কুণাল আরও বলেন, ‘‘বালুরঘাটে যে ধর্ষণের মামলা রয়েছে, তাকে বিরোধী দলনেতা করা হয়েছে। বিজেপি বা বিজেপির স্পনসর বিধায়ক এঁরা। পাণ্ডবরা কিন্তু পাঁচজন ছিল। কৌরবরা একশো হয়েও বাঁচেনি।” ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কুণালের এসব মন্তব্যের বিরোধিতা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার রথীন্দ্রনাথ বসু কুণাল ঘোষের বক্তব্যের অনেকাংশই কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনা নতুন সরকারের প্রথম অধিবেশনেই রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত দিল।








