ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তৃণমূলের ভোট-পরবর্তী পরিস্থিতি এবং দলের অন্দরের ‘বিদ্রোহ’ নিয়ে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি দলের কিছু নেতার ‘সুর বদলানো’ এবং সুবিধাবাদী আচরণকে তীব্র কটাক্ষ করেছেন। কুণাল প্রশ্ন তুলেছেন, “দল এতই খারাপ হলে প্রার্থী হলেন কেন?” তাঁর মতে, যাঁরা ক্ষমতায় থাকাকালীন মন্ত্রিত্বের আশায় লবিং করতেন, এখন তাঁদের গলাতেই ভিন্ন সুর।
তৃণমূলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে কুণাল লিখেছেন, দলে একশ্রেণির স্তাবক, ফেরেব্বাজ এবং ধান্দাবাজ লোক অতিরিক্ত গুরুত্ব পেয়েছিল, যার ফলে ‘ফ্যান ক্লাব’ সংস্কৃতি তৈরি হয়েছিল। নিজের রাজনৈতিক যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দাবি করেছেন, বিনা দোষে তাঁর চেয়ে বেশি কষ্ট এই দলে কেউ পায়নি। এই কঠিন সময়ে ‘গেল গেল’ রবে থমকে না গিয়ে কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন কুণাল।
পরিস্থিতি মোকাবিলায় তিনি তিনটি মূল পথ বাতলে দিয়েছেন: আক্রান্ত কর্মীদের পাশে সশরীরে দাঁড়ানো, সাংগঠনিক কাজ ও জনস্বার্থের কর্মসূচি পুনরায় শুরু করা এবং দলের যাবতীয় ভুলত্রুটি নিয়ে অন্দরেই খোলাখুলি আলোচনা করে মমতাদির নেতৃত্বে দলকে পুনর্গঠন করা। নেতাদের ‘শ্বাসকষ্ট’কে ‘দৃষ্টিকটু’ আখ্যা দিয়ে কুণাল ঘোষ দলের প্রতি তাঁর দৃঢ় আনুগত্যের কথা পুনর্ব্যক্ত করেছেন।








