কার্শিয়াংয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা: ২০০ ফুট খাদে পড়ে শিলিগুড়ির যুবকের মৃত্যু

কার্শিয়াংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় ২০০ ফুট খাদে পড়ে মৃত্যু হল শিলিগুড়ির যুবক অভিষেক সাহার। আহত আরও ৫ জন। শোকের ছায়া বিধান মার্কেট এলাকায়।

Share:

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: পুজোর মুখে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ির এক যুবক। রবিবার রাতে কার্শিয়াংয়ের রোহিণী রোডের কার্গিল দারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় ২৮ বছর বয়সী অভিষেক সাহার মৃত্যু হয়েছে। তিনি শিলিগুড়ির বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহার ছেলে। জানা গিয়েছে, রবিবার পাঁচ বন্ধুর সঙ্গে পাহাড়ে বেড়াতে বেরিয়েছিলেন অভিষেক। রাত প্রায় ১১টা নাগাদ কার্গিল দারা এলাকায় আচমকাই তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা ছয়জনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের প্রথমে কার্শিয়াংয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের শিলিগুড়ির বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহত অভিষেককে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত বাকি পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, তাঁর অস্ত্রোপচার চলছে। অভিষেকের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অভিষেকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিধান মার্কেট এলাকায়। বাবার ব্যবসার পাশাপাশি সম্প্রতি নিজেও ব্যবসা শুরু করেছিলেন তিনি। একটি হোটেলও চালু করেছিলেন অভিষেক। পরিবার সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর বিয়ের কথা ছিল। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার, পরিজন ও ব্যবসায়ী মহল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।