লক্ষ্মীর ভান্ডারে তৃণমূল নেতার নাম! ফাঁস হতেই যা বললেন উত্তম সাউ, পশ্চিম মেদিনীপুরে শোরগোল

পশ্চিম মেদিনীপুরে লক্ষ্মীর ভান্ডারে তৃণমূল নেতার নাম! উত্তম সাউয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগ, বিজেপি-র আক্রমণে অস্বস্তিতে শাসকদল। নেতার দাবি, যান্ত্রিক ত্রুটি।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘিরে নতুন করে দুর্নীতির অভিযোগ উঠল। জানা গিয়েছে, এক তৃণমূল নেতার নাম এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় উঠে এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। অভিযোগ, চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল নেতা উত্তম কুমার সাউ নাকি মহিলাদের জন্য বরাদ্দ এই প্রকল্পের মাসিক ১৫০০ টাকা পাচ্ছিলেন।

বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে উত্তমের অ্যাকাউন্টে এই অর্থ ঢুকছিল। একজন পুরুষ হয়েও কীভাবে তিনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তাদের দাবি, তৃণমূল সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এই ঘটনা তারই প্রমাণ। বিজেপির কর্মী-সমর্থকরা উত্তম সাউয়ের কাছ থেকে সমস্ত অর্থ ফেরত নেওয়ার দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত উত্তম সাউ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, স্ত্রীর জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। কীভাবে তাঁর নাম তালিকায় এল, তা তিনি নিজেই জানেন না। সাউয়ের দাবি, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে।

তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, প্রকল্পে তাঁর নাম থাকলেও প্রতি মাসের টাকা তাঁর স্ত্রীর অ্যাকাউন্টেই জমা পড়ত এবং তিনি নিজে এক টাকাও নেননি। এই সমস্যার সমাধানে তিনি স্থানীয় পঞ্চায়েতে লিখিত আবেদন জানাবেন। এদিকে, মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিংহ দোলুই জানিয়েছেন, তিনি এই বিষয়ে আগে কিছুই জানতেন না। বিজেপির অভিযোগের পরেই তিনি বিষয়টি জানতে পারেন। এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।