ব্যুরো নিউজ, ২১ জুন ২০২৬ঃ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা আয়োজক নিউ আলিপুর সুরুচি সংঘের ভবিষ্যৎ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিযোগ, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-এর ২২ কাঠা জমি জবরদখল করে বছরের পর বছর ধরে এই পুজো মণ্ডপ তৈরি হত। এবার সেই সুরুচি সংঘকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ওই জমি খালি করার নির্দেশ দিয়ে আইনি নোটিস পাঠিয়েছে এলআইসি। জানা গিয়েছে, শনিবার সুরুচি সংঘ ক্লাবের দেওয়ালে এই নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে।
এলআইসি তাদের আইনজীবী মারফত সাফ জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমি খালি না করলে আইনি পথে হাঁটতে বাধ্য হবে তারা। নিউ আলিপুরের ৪৯৮, ৪৯৯, ৫০০ ও ৫০১ নম্বর প্লট দখল করে সুরুচি সংঘ ক্লাব নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এই বেআইনি নির্মাণে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর আগেও এলআইসি একাধিকবার জমি দখলের অভিযোগ তুললেও, ক্ষমতার অপব্যবহার করে তা খালি করা হয়নি বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর এলআইসি নিজেদের জমি পুনরুদ্ধারে ফের তৎপর হয়েছে।
সম্প্রতি স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করে এলআইসি। সেই অভিযোগের ভিত্তিতেই আইনজীবীর মাধ্যমে এই নোটিস পাঠানো হয়েছে। সুরুচি সংঘের ভবনের তিন দিকে নোটিস সাঁটিয়ে মোট চারটি প্লট খালি করতে বলা হয়েছে। স্বরূপ বিশ্বাস বর্তমানে যৌন হেনস্তা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, অরূপ বিশ্বাসও মেসি কাণ্ডে নোটিস পেয়ে হাজিরা দিয়েছেন। এই পরিস্থিতিতে সুরুচি সংঘের জমি খালি করার নোটিস আসায় নিউ আলিপুরবাসীর মধ্যে পুজোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।







