ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: হাওড়ার লিলুয়া ঝিল রোডে অবৈধ পার্কিংয়ের রমরমা নিয়ে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় সংবাদমাধ্যম। থানার ঢিল ছোঁড়া দূরত্বে এমন বেআইনি কারবার দেখে চক্ষু চড়কগাছ হয় সকলের। দেখা যায়, ঝিল রোডের দু’ধারে সারিসারি ১৬ চাকা থেকে ৮ চাকার লরি এবং অসংখ্য প্রাইভেট কার দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী কলকারখানাগুলির মাল লোডিং-আনলোডিংয়ের কাজ সারাদিন ধরে এই ব্যস্ত রাস্তার উপরেই চলে। এমনকি, ঝিল রোডের মুখেই দুটি বড় ওজন মাপার কাঁটা থাকায় লরিগুলির আনাগোনা আরও বেশি।
সাধারণ মানুষের অভিযোগ, লিলুয়া থানা নাকের ডগায় থাকা সত্ত্বেও কীভাবে এই অবৈধ পার্কিংয়ের ব্যবসা রমরমিয়ে চলছে, তা বোধগম্য নয়। রাস্তার দু’ধার জুড়ে ইমারতির বিভিন্ন দ্রব্যাদি পড়ে থাকায় টোটো, বাইক আরোহী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী ও নিত্যযাত্রীদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। লরি চালকদের কিছু বলতে গেলে উল্টে হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ পথচারীদের। এই অবৈধ পার্কিং সরানোর বিষয়ে প্রশাসনের উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। পথচারীরা হাতজোড় করে প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছানোর পরই লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা তৎপর হন। অবৈধ পার্কিং সরাতে তাঁরা সদর্থক ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।








