ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ কামারহাটির আড়িয়াদহে তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতে এই হামলার পর বিধায়ক নিজেই ফেসবুক লাইভে এসে জানান, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম।’ জানা গেছে, একটি গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন মদন মিত্র। তাঁর অভিযোগ, সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় এবং ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও তিনি দাবি করেন। যদিও ঘটনার সময় মদন মিত্র গাড়িতে ছিলেন না বলে জানা গেছে।
বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মদন মিত্র এই ঘটনার জন্য বিজেপি কর্মী আনোয়ার খান নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, আনোয়ার আগে তৃণমূল করত এবং এখন বিজেপি-তে যোগ দিয়ে তাঁর ক্ষতি করার চেষ্টা করছে। ফেসবুক লাইভে এসে তিনি পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন এবং গুলি চালানোর দাবি করেন, যদিও তার স্বপক্ষে প্রমাণ নেই বলে স্বীকার করেন। বিধায়ক জানান, তিনি দক্ষিণেশ্বরে ব্লক ওয়ার্ড অফিসে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘অনেক ভালো কাজের জন্য, বহু মানুষের পাশে দাঁড়ানোর জন্য মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারলাম।’ তিনি আরও অভিযোগ করেন যে তাঁর দলের এক কাউন্সিলরের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালায় এবং জয় শ্রী রাম স্লোগান দেয়। ঘটনার তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।








