ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ রাজ্যে পালাবদলের আবহেই ফের শিরোনামে তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার কামারহাটিতে তাঁর বাসভবনে হানা দিল পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মদন মিত্রের উদয় ভিলার সামনে পৌঁছয়। সেই সময় বিধায়ক বাড়িতে না থাকায় তাঁর বাসভবনের মূল দরজায় তালা লাগানো ছিল। এরপর পুলিশ কর্মীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায়। তল্লাশি শেষে পুনরায় দরজায় তালা লাগিয়ে চলে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মদন মিত্রের কামারহাটির বাড়িতে একটি দলীয় কার্যালয় রয়েছে বলে অভিযোগ। সেই কার্যালয় সংক্রান্ত নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। এছাড়াও, যে জমিতে মদন মিত্রের বাড়িটি তৈরি হয়েছে, সেটি কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন একটি সংস্থার জমি বলে জানা যাচ্ছে। কীভাবে কোনওরকম অনুমতি ছাড়া কেন্দ্রীয় সংস্থার জমিতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। উদয় ভিলার সম্পত্তির প্রকৃত মালিকানা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, এই মুহূর্তে তৃণমূল বিধায়ক মদন মিত্র দক্ষিণ কলকাতার বাসভবনে রয়েছেন। এই অভিযানের একদিন আগেই, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে একটি মিছিল করেছিলেন মদন মিত্র। সেই মিছিল থেকে শাসক দলকে নিশানা করে তিনি একাধিক মন্তব্যও করেন। এই ঘটনার পরপরই তাঁর বাড়িতে পুলিশের হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।








