মহারাষ্ট্রের সরকারি প্রকল্পে বড় ধাক্কা: ৮০ লক্ষ মহিলার ভাতা বন্ধ, বাতিল ১৫০০ টাকা

মহারাষ্ট্রের লাডলি বহিন যোজনা থেকে বাদ পড়লেন ৮০ লক্ষ মহিলা। ই-কেওয়াইসি ও তথ্য যাচাইয়ের পর বন্ধ হচ্ছে মাসিক ১৫০০ টাকার ভাতা। সরকারের স্বচ্ছতা আনার পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ মহারাষ্ট্র সরকারের জনপ্রিয় ‘লাডলি বহিন যোজনা’ নিয়ে এক বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে, এই প্রকল্পের সুবিধা এমন অনেকেই নিচ্ছেন যাঁরা আসলে এর যোগ্য নন। সরকারি কর্মচারী, আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তি অথবা ভুয়ো তথ্য দিয়ে সুবিধা নেওয়ার একাধিক ঘটনা সামনে আসার পর রাজ্য সরকার উপভোক্তাদের তথ্য যাচাই এবং ই-কেওয়াইসি বাধ্যতামূলক করে। এই কড়া পদক্ষেপের পর প্রায় ৮০ লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ফলে আগামী জুন মাস থেকে তাঁরা আর মাসিক ১৫০০ টাকার আর্থিক সহায়তা পাবেন না। মহারাষ্ট্রে চালু এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এতদিন প্রায় ২ কোটি ৪৬ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতেন। কিন্তু প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠার পর উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখা শুরু হয়। যাচাই প্রক্রিয়ায় দেখা যায়, বহু সরকারি কর্মচারী এবং আর্থিকভাবে সচ্ছল মহিলাও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন।

এমনকি, কিছু ক্ষেত্রে পুরুষরাও মহিলা পরিচয় ব্যবহার করে ভাতার টাকা তুলছিলেন। প্রকল্পে স্বচ্ছতা আনতে সরকার ই-কেওয়াইসি বাধ্যতামূলক করে, যার শেষ তারিখ ছিল ৩১ মার্চ। কিন্তু বিপুল সংখ্যক উপভোক্তা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি। সরকারি তথ্য অনুযায়ী, ই-কেওয়াইসি না করা, আর্থিকভাবে স্বচ্ছল হওয়া, চাকরিজীবী হওয়া কিংবা ভুয়ো তথ্য দেওয়ার মতো বিভিন্ন কারণে মোট প্রায় ৮০ লক্ষ উপভোক্তার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এই সিদ্ধান্তের ফলে প্রকল্পের উপভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে ১.৬৬ কোটিতে দাঁড়িয়েছে। সরকার জানিয়েছে, প্রকৃত যোগ্য মহিলাদের কাছেই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই এই পদক্ষেপের মূল লক্ষ্য।