ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন মহিষাদলের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। বুধবার রাতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় মহিষাদল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মহিষাদলের গেঁওখালি জল প্রকল্পে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিলক চক্রবর্তী একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছিল।
অভিযোগকারীদের দাবি, চাকরি না পেয়ে তাঁরা প্রতারিত হয়েছেন। রাজ্যে ক্ষমতা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, রাজনৈতিক রঙ না দেখে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই নির্দেশিকার পরই একে একে প্রাক্তন শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে অসঙ্গতি মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই গ্রেফতারি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করল।








