ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠেকাতে বিজেপি সরকারের ‘থ্রি-ডি’ নীতি কার্যকর হতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ অর্থাৎ চিহ্নিতকরণ, তালিকা থেকে বাদ দেওয়া এবং ওপারে ফেরত পাঠানোর পদ্ধতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে জেলায় জেলায় ডিটেনশন সেন্টারের আদলে হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীদের সাময়িকভাবে রাখা হবে। সম্প্রতি মালদহের ইংলিশবাজার লাগোয়া বাগবাড়ির চন্দনপার্কে উত্তরবঙ্গের প্রথম হোল্ডিং সেন্টার চালু হয়েছে। এই কেন্দ্রে অনুপ্রবেশকারীদের জন্য এলাহি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, হোল্ডিং সেন্টারে থাকা ব্যক্তিদের থাকা-খাওয়ার সবরকম ব্যবস্থা প্রশাসন করেছে। জেলার পুলিশ ও সিভিল প্রশাসন ভালো বন্দোবস্ত করেছে। রান্নার দায়িত্বে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এখানে চারবেলা খাবার পরিবেশন করা হচ্ছে। বড়দের জন্য রুটি, ভাত, মাছ, মাংস, ডিমের ব্যবস্থা রয়েছে। ছোটদের জন্য চারবেলা দুধ ও বেবি ফুড দেওয়া হচ্ছে। এছাড়াও, নতুন পোশাক, সুগন্ধি সাবান এবং শ্যাম্পুর মতো ব্যক্তিগত সামগ্রীও দেওয়া হচ্ছে। নিরাপত্তার দিক থেকেও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রে তিনজন পুলিশ আধিকারিক, এক ডজন পুলিশ কর্মী এবং একাধিক সিভিক ভলান্টিয়ার নিযুক্ত রয়েছেন। বসানো হয়েছে হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা। প্রশাসনের লক্ষ্য, ওপার বাংলায় পুশব্যাকের আগে অনুপ্রবেশকারীদের সুখ-স্বাচ্ছন্দ্যের কোনো অভাব না রাখা। উল্লেখ্য, অনুপ্রবেশ ইস্যুতে অতীতে তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি বারবার অভিযোগ তুলেছিল। এখন রাজ্যে বিজেপি সরকার আসতেই কেন্দ্রের নীতি মেনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরবর্তীকালে সরকারের আরও কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।








