মালদায় ছদ্মবেশে পুলিশের জালে কুখ্যাত পাচারকারী, ধৃত দীপঙ্কর মণ্ডল

মালদায় ছদ্মবেশে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত পাচারকারী দীপঙ্কর মণ্ডল গ্রেপ্তার। ভারত-বাংলাদেশ সীমান্তে গরু, মোষ ও মাদক পাচারে জড়িত ছিল ধৃত। তদন্ত জারি।

Share:

নিউজ ব্যুরো, ২৫ জুন ২০২৬: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল মালদা পুলিশ। ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত পাচারকারী দীপঙ্কর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে হবিবপুর ব্লকের কলাইবাড়ি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দীপঙ্কর মণ্ডলের বাড়ি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি নুনিয়াপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে সে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু, মোষ ও মাদকদ্রব্য-সহ বিভিন্ন পাচারের সঙ্গে জড়িত ছিল। বিএসএফ-এর একাধিক অভিযোগ সত্ত্বেও সে এতদিন গা ঢাকা দিয়ে ছিল। নতুন সরকার আসার পর তার বিরুদ্ধে ফের তদন্ত শুরু হয়। হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাসের নির্দেশে এই বিশেষ অভিযান চালানো হয়।

বুধবার বিকেলে কয়েকজন পুলিশ অফিসার সাধারণ চাষির ছদ্মবেশে কলাইবাড়ি ব্রিজ এলাকায় ওত পেতে ছিলেন। দীপঙ্কর সেখানে পৌঁছতেই তাকে পাকড়াও করে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, “দীর্ঘদিন পলাতক এক কুখ্যাত দুষ্কৃতীকে ছদ্মবেশে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে অপরাধ রুখতে এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।” পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে মামলাগুলির তদন্ত চলছে এবং পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি জারি রয়েছে।