ব্যুরো নিউজ, ৩১ জুলাই ২০২৬ঃ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে শহীদ সমাবেশের মঞ্চ থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন। মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, “এরা অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারবে না! তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না!” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কালীঘাট তৃণমূলের সভামঞ্চে কর্মীদের বিপুল জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সেই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের নিশানা করেন। নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে শোনা যায় তৃণমূল নেত্রীকে।
তিনি বলেন, “আপনি আমার তৃণমূলে থাকাকালীন কী কী করেছেন সেসব যদি বলে দিই ফেঁসে যাবেন!” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কর্মীদেরই দলের আসল সম্পদ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, মিথ্যা অপবাদ দিয়ে হাজার হাজার তৃণমূল কর্মীকে জেলে ভরা হয়েছে। প্রায় ১৪ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “ওরা ফিরে এলে মালা দিয়ে বরণ করবেন।”
তৃণমূল সুপ্রিমো আরও বলেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ডেকে পাঠাচ্ছে এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। তাঁর দাবি, বিজেপির ইশারাতেই এই সব হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, অভিষেকের বিরুদ্ধে কোনও রকম অ্যাভিডেন্স দিতে পারবে না কেন্দ্রীয় সংস্থা। বারুইপুরের ঘটনা থেকে শুরু করে ‘ককরোচ জনতা পার্টি’র অনশন, সবই টেনে এনে বিজেপিকে ভোট চুরির অভিযোগেও বিদ্ধ করেন মমতা। তিনি আবারও “বিজেপি হটাও” স্লোগান তোলেন।








