পুলিশ-আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিট প্রতিবাদে মমতার মিছিল, মহিলা পুলিশকে ধাক্কা, আটক কুণাল-বৈশ্বানর

পুলিশ ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে মমতার মিছিল। মহিলা পুলিশকে ধাক্কা, কুণাল-বৈশ্বানর আটক। স্কুটিতে এলাকা ছাড়লেন মমতা।

Share:

ব্যুরো নিউজ, ২৫ জুলাই ২০২৬ : নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে পুলিশ ও আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে শনিবার কলকাতায় পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে পদ্মপুকুরে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, যার অনুমতি মেলেনি কলকাতা হাইকোর্ট থেকেও। তবে, যাবতীয় বাধা উপেক্ষা করে নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মপুকুরে জমায়েত শুরু করেন মমতাপন্থী তৃণমূল নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথম থেকেই বাধা দিলেও, তা কানে তোলেননি বিক্ষোভকারীরা। বিকেল গড়াতেই ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। পুলিশকর্মীরা বারবার জমায়েত খালি করার নির্দেশ দিলেও, তৃণমূল কর্মীরা পুলিশের বিরুদ্ধে চড়াও হন। এই সময়েই উত্তেজনা চরমে পৌঁছয়।

মিছিল আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মমতা। অভিযোগ, এক মহিলা পুলিশকর্মীকে ধাক্কাও দেন তিনি। এরপরই পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করতে এবং নেতা-কর্মীদের আটক করতে শুরু করে। তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ বহু মমতাপন্থী নেতা-কর্মীকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “জুলুমবাজি করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে আমরা ছাত্রদের পাশে ছিলাম।” এরপর তিনি স্কুটিতে চেপে ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।