২১ জুলাইয়ের আগে ‘লোটাকম্বল’ নিয়ে চলে যান, বিক্ষুব্ধদের কড়া বার্তা মমতার

২১ জুলাইয়ের আগে দলত্যাগীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চাপে যারা দল ছাড়তে চান, তাদের 'লোটাকম্বল' নিয়ে চলে যাওয়ার আহ্বান মমতার।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুলাই ২০২৬ : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত তৃণমূল কংগ্রেসে। দলের একাধিক বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার সাংসদ শিবির বদল করেছেন, যা দলের অন্দরে অস্থিরতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২১ জুলাই থেকে নতুন করে পথচলার ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দলত্যাগী ও বিক্ষুব্ধদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাদের যাদের যাওয়ার আছে বিজেপির চাপে, পুলিশ, ইডি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, এসটিএফ, মামলার চাপে, তাদের হাতজোড় করে বলব ২১ জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার, লোটাকম্বল নিয়ে চলে যান।” তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা দল ছাড়তে চান, তারা যেন দলটিকে কলুষিত না করেন। তাঁর মতে, দলত্যাগে তৃণমূল দুর্বল হবে না, বরং যারা থাকবেন, তারাই দলের ‘স্বর্ণখনি’।

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগামী ২১ জুলাই নতুন করে পথচলা। কে আসলেন, কে আসলেন না তাতে কিছু যায় আসে না।” শহিদ স্মরণ দিবসের আগে তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, “শহিদ পরিবারদেরও ভয় দেখিয়ে বালিশ শিবিরে নিয়ে যাচ্ছে শুনলাম। যান, তবে আপনাদের হৃদয় আমাদের সঙ্গেই থাকবে জানি।” এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের এই নতুন পথচলা কতদূর সফল হয়, সেটাই এখন দেখার।