ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ : তৃণমূল কংগ্রেসের কঠিন পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জোর জল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে ফের কংগ্রেসে ফিরছেন? ২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এই আবহে প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ মমতার কংগ্রেসে প্রত্যাবর্তনের তীব্র বিরোধিতা করেছে।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “তৃণমূলের অবস্থা আপনারা দেখতে পারছেন। বড় বড় নেতারা পালিয়ে যাচ্ছেন। এতদিন তো কংগ্রেস দলের নেতাদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে হল না। এখন ওঁদের মনে হচ্ছে, এটা এখন করা উচিত।” উত্তর দিনাজপুরের কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, “আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা কোনওমতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। এইসব মানুষ যদি কংগ্রেসে আসে, গ্রামবাংলার মানুষ আর কংগ্রেস করবে না।”
উল্লেখ্য, রাজীব গান্ধীর হাত ধরে রাজনীতিতে আসা মমতা একসময় রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। কিন্তু ১৯৯৮ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়। তবে ১৫ বছর পর ক্ষমতা হারিয়ে এখন ফের কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই জল্পনাকে ভিত্তিহীন আখ্যা দিয়ে জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা থাকতে পারে, কিন্তু মমতার কংগ্রেসে ফেরার কোনো প্রশ্ন নেই।







