নিট কেলেঙ্কারি: ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে সোমেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিট কেলেঙ্কারির প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে সোমেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যন্তর মন্তরে ছাত্র-যুবদের আন্দোলনে যোগ দেবেন তৃণমূলনেত্রী।

Share:

ব্যুরো নিউজ, ২৪ জুলাই ২০২৬ : নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ‘ককরোচ জনতা পার্টি’কে সমর্থন জানাতে আগামী সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার, একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে এই ‘ককরোচ পার্টি’র সঙ্গে যোগ দেবেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে ‘আরশোলা’দের আন্দোলনে শামিল হবেন। তবে তিনি নিজেও বিক্ষোভে অংশ নেবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে প্রায় দিন কুড়ি ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্র-যুবদের রাজনৈতিক সংসর্গ বিহীন ‘ককরোচ জনতা পার্টি’। এই আন্দোলনের পথ দেখিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী লাদাখের সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশনের পর গত বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের হাসপাতালে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং তাঁকে স্যুপ খাইয়ে অনশন ভাঙান।

সরকারের একাধিক শর্তের বিনিময়ে সোনম অনশন তুলে নিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ‘ককরোচ’দের দুই প্রতিনিধি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে তাঁদের দাবিপত্র তুলে দিয়েছেন। নিট কেলেঙ্কারির জেরে তাঁরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য সময় বেঁধে দিয়েছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের উপ দলনেতা সৌগত রায়ও এই বিষয়ে মন্তব্য করেছেন।