ব্যুরো নিউজ , ২৫ মে ২০২৬ : রাজ্যের শিল্পোন্নয়নে অবদান রাখা ‘ভদ্রলোক’ মুখ্যমন্ত্রীদের তালিকা থেকে বাদ পড়লেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত চেম্বার অফ কমার্সের এক বিশেষ অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়, যেখানে বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম থাকলেও, মমতার নাম অনুপস্থিত। এই ঘটনা রাজ্য রাজনীতি ও শিল্পমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পূর্বসূরিরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি চেম্বারের প্রতি সবসময়ই নেতিবাচক ছিল। এমনকি করোনা বা আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ও চেম্বার রাজ্য সরকারকে সাহায্য করলেও, রাজ্যের শিল্প উন্নয়ন ও বাণিজ্যের প্রসারে তাঁর কাছ থেকে কোনও নীতিগত সহায়তা বা সুযোগ মেলেনি। জমি নীতি নিয়েও প্রাক্তন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চেম্বারের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, বিভিন্ন মেলার নামে টাকা নেওয়া হলেও প্রকৃত শিল্প স্থাপনে কোনও সদিচ্ছা ছিল না। অন্যদিকে, রাজ্যের নতুন সরকার গঠনের পর কাটমানি ও সিন্ডিকেট রাজমুক্ত পরিবেশ তৈরি করার জন্য মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেছে কর্তৃপক্ষ।
শমীক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন, নতুন জমি নীতি তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী ১০০ দিনের মধ্যেই ব্যবসায়ীরা বাংলায় পরিবর্তনের সুফল দেখতে পাবেন। তিনি আরও বলেন, প্রশাসনের কাজে কোনও দলীয় হস্তক্ষেপ থাকবে না। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে খবর।








