ব্যুরো নিউজ, ৩১ মে ২০২৬ঃ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এল। রাজ্য স্বাস্থ্য দফতরের একটি বিশেষ প্রতিনিধি দল আচমকা হানা দিয়ে এই বেআইনি কারবারের পর্দাফাঁস করেছে। সরকারি নিয়মনীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে সেখানে রক্ত সংগ্রহ করা হচ্ছিল, যা দেখে রীতিমতো তাজ্জব বনে যান স্বাস্থ্য আধিকারিকেরা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মথুরাপুরের ‘হেলথ পয়েন্ট নার্সিংহোম’-এর তরফে এই শিবিরের আয়োজন করা হয়েছিল।কিন্তু রক্ত সংগ্রহের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় ন্যূনতম চিকিৎসা সুরক্ষাটুকুও বজায় রাখা হয়নি।
অভিযানে গিয়ে স্বাস্থ্য আধিকারিকেরা যে সমস্ত গুরুতর বেনিয়ম দেখতে পান, তার মধ্যে অন্যতম হল, শিবিরে কোনও স্বীকৃত অ্যালোপ্যাথিক চিকিৎসকের উপস্থিতি ছিল না। চিকিৎসকদের অনুপস্থিতিতে সম্পূর্ণ বেআইনি ভাবে কয়েকজন হোমিওপ্যাথি পড়ুয়াকে দিয়ে রক্তদাতাদের শরীর থেকে রক্ত তোলার কাজ চালানো হচ্ছিল। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, রক্তদাতাদের আকৃষ্ট করতে চিকিৎসাবিজ্ঞানের সমস্ত নীতি লঙ্ঘন করে বহুমূল্য উপহার দেওয়া হচ্ছিল। রক্তদানের বিনিময়ে এয়ার কুলার থেকে শুরু করে ফ্যান— দেদার বিলি করা হচ্ছিল শিবিরের মঞ্চ থেকে।
রক্তদান শিবিরের আইন অনুযায়ী, কোনও ধরনের লোভ বা উপহারের টোপ দিয়ে রক্ত সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে চিকিৎসকের উপস্থিতি এবং দক্ষ টেকনিশিয়ান ছাড়া রক্ত নেওয়া আইনত অপরাধ। মথুরাপুরের এই শিবিরে সেই সমস্ত নিয়মকে অকাতরে লঙ্ঘন করায় তৎক্ষণাৎ রক্তদান শিবিরটি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেয় স্বাস্থ্য দফতরের টিম। শুধু শিবির বন্ধ করাই নয়, এই বেআইনি ও বিপজ্জনক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে সোজা মথুরাপুর থানায় হাজির হন স্বাস্থ্য আধিকারিকেরা। সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ ও উদোক্তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।








