ব্যুরো নিউজ ১৪ অক্টোবর: ২০২৬ দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে চাঞ্চল্যকর মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে রায় ঘোষণা করল আদালত।
হাবিবুল্লাহ পাইক খুনের মামলায় তিন অভিযুক্ত আজগর লস্কর, আজাহার লস্কর এবং রবিউল সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবারের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট।
গত ১২ই অক্টোবর আদালত তাদের ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করেছিল।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি মথুরাপুরের সুবুদ্ধিপুর এলাকায় এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় হাবিবুল্লাহ পাইক।
তদন্ত চলাকালীন পুলিশ কাছের একটি পুকুর থেকে তাঁর কাটা মাথাও উদ্ধার করে।
এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে মথুরাপুর থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
মামলায় মোট ২৪ জন সাক্ষীকে পেশ করা হয়।
ডিএনএ পরীক্ষা, ফরেনসিক রিপোর্ট, অপরাধে ব্যবহৃত অস্ত্রে আঙুলের ছাপ, মোবাইলের তথ্য, কল ডিটেলস রেকর্ড (সিডিআর) এবং গেইট প্যাটার্ন বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণাদি আদালতে পেশ করা হয়।
সমস্ত সাক্ষ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পর আদালত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।
আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন অনেকে।








