ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: নদিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র মায়াপুরে হোটেল-রেস্তোরাঁগুলিতে রাজ্যের খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল।
খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকরা শুক্রবার সকালে ইসকন মন্দিরের সংলগ্ন এলাকার একাধিক দোকানে হানা দেন। এই অভিযানে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কিছু হোটেলের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। খাবার তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে নিয়ম মানা হয় না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একাধিক হোটেলের ফ্রিজে পচা দই ও ময়দা পাওয়া গেছে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ সামগ্রীও উদ্ধার হয়েছে।
আধিকারিকরা জানান, অনেক হোটেলেরই বৈধ ট্রেড লাইসেন্স এবং FSSAI লাইসেন্স নেই। নতুন দোকান খুলে লাইসেন্স না করিয়ে ব্যবসা চালানো হচ্ছিল। কিছু মালিক স্বীকার করেছেন যে তারা লাইসেন্সের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পাননি। একজন মালিক জানিয়েছেন, তিনি বিষয়টি জানলেও ততটা গুরুত্ব দেননি। এই পরিস্থিতিতে, লাইসেন্স না থাকা একাধিক হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
খাদ্যসুরক্ষা দপ্তরের ফুড সেফটি অফিসার দিশা হাজরা জানিয়েছেন, নবদ্বীপে একটি বিশেষ অভিযান চলছে যা আগামী ৪ তারিখ পর্যন্ত চলবে। যে সমস্ত হোটেল যথাযথ নিয়ম মেনে চলছে না বা লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে একাধিক হোটেলের মালিককে নোটিসও দেওয়া হয়েছে।








