নিউজ ব্যুরো, ২১ জুন ২০২৬: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি উল্লাডাবরিতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিস্তা সেতুর কাছে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৩৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রেলারকে সজোরে ধাক্কা মারে। ট্রেলারের সামনের চাকা নষ্ট হয়ে যাওয়ায় সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ জনের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে মোট ৩৯ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের মধ্যে ৩ বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। ১৫ জন পুরুষ, ২ জন শিশু এবং ১২ জন মহিলা যাত্রী আহত হয়েছেন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়েছে। বিধায়ক আনন্দদেব অধিকারী হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন এবং রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করলেন| এছাড়াও গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের পঞ্চাশ হাজার টাকা অর্থনৈতিক সাহায্য করা হবে সাথে সাথে আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে|
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, ‘ময়নাগুড়ির এনএইচ-২৭ এ উল্লাডাবরি জোড়াবাঁধ এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত; সেখানে যাত্রীবোঝাই একটি বাসে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এই ভয়াবহ ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল এবং আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করছি।’








